আগামী বছর থেকে হজের খরচ আরও কমবে: প্রধানমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৪ এএম
ছবি: সংগৃহীত
আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, চলতি বছর সীমিত সময়ের মধ্যেও সরকার হজযাত্রীদের খরচ কমানোর চেষ্টা করেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ১৮ ফেব্রুয়ারি সরকার গঠন করেছি। অথচ এবার হজের ব্যবস্থাপনা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। ফলে আমাদের হাতে খুব বেশি কিছু করার সুযোগ ছিল না। তারপরও আমরা চেষ্টা করেছি, যার ফলে প্রায় ১২ হাজার টাকা পর্যন্ত খরচ কমাতে পেরেছি।
তিনি আরও বলেন, আশা করি, আগামী বছর যারা হজে যাবেন তাদের জন্য ব্যয় কিছুটা কমানো সম্ভব হবে। আমরা আরো উন্নতির চেষ্টা করছি, যাতে হজযাত্রীদের ভোগান্তি কমে।
হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন। দেশের জন্য দোয়া করবেন, যেন দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আমিও দোয়া করি, আপনারা সুস্থভাবে ফিরে আসবেন।
অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে রাত ১২টা ২০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়।
