EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মাধবপুরে জমে উঠেছে কুমারী কুন্ডু মেলা

দুইশত বছরের পুরোনো এই বৈশাখী মেলা এ অঞ্চলের মানুষের কাছে শুধু একটি উৎসব নয়, এটি তাদের ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত স্মারক।

ডেইলি সান রিপোর্ট, হবিগঞ্জ

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পিএম

মাধবপুরে জমে উঠেছে কুমারী কুন্ডু মেলা

ছবি: সংগৃহীত

অ অ

বাংলা নববর্ষের আনন্দকে আরও উৎসবমুখর করে তুলেছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের ঐতিহাসিক কুমারী কুন্ডু মেলা।

স্থানীয়ভাবে ‘বান্নি’ নামে পরিচিত এই মেলা শুক্রবার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। দুইশত বছরের পুরোনো এই বৈশাখী মেলা এ অঞ্চলের মানুষের কাছে শুধু একটি উৎসব নয়, এটি তাদের ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত স্মারক।

মেলার মূল আকর্ষণ হলো নদীর তলদেশ থেকে উত্তোলিত পানি। সনাতন ধর্মাবলম্বীরা এই পানিতে স্নান করেন এবং নদীতে লোট দেওয়ার রীতি পালন করেন। মেলায় বলিদানের আয়োজনও থাকে, যার দায়িত্ব পালন করেন ঠাকুর বেনু ঠাকুর। তিনি জানান, তাঁর বাবার কাছ থেকে শোনা কাহিনি অনুযায়ী দুইশত বছরেরও আগে ছোট পরিসরে পূজার আয়োজনের মধ্য দিয়ে এই মেলার সূচনা হয়েছিল।

মেলা প্রাঙ্গণে সাজানো হয়েছে বিচিত্র সব পণ্যের পসরা। লাঙল, জোয়াল, দা, কাঁচি, মই ও মাছ ধরার সরঞ্জামসহ নানা ধরনের কৃষি উপকরণ বিক্রি হচ্ছে। পাশাপাশি রয়েছে মাটির হাঁড়ি-পাতিল, হস্তশিল্প ও খেলনাসামগ্রী। মিষ্টি, কই, উখড়াসহ বাহারি গ্রামীয় খাবারের দোকানগুলোতেও উপচে পড়ছে ভিড়।

দোকানিরা জানান, প্রতিবছর কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা কৃষিপণ্য নিয়ে এই মেলায় যোগ দেন। প্রয়োজনীয় কৃষি উপকরণ সংগ্রহ করতে হাজার হাজার মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে আসেন এখানে।

দিনব্যাপী এই আয়োজনে গ্রামবাংলার আবহমান সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হচ্ছে। সুলতানপুরের এই কুমারী কুন্ডু মেলা প্রজন্মের পর প্রজন্ম ধরে এ অঞ্চলের কৃষিভিত্তিক জীবন, লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে বুকে ধারণ করে আসছে।

আরও পড়ুন