EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভুয়া ট্রেডিং কোম্পানির নামে প্রতারণা, চক্রের সদস্য গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম

ভুয়া ট্রেডিং কোম্পানির নামে প্রতারণা, চক্রের সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকায় স্বনামধন্য ট্রেডিং কোম্পানির নাম ও লোগো নকল করে অনলাইন প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তি মো. তাজুল ইসলাম (৩১) চক্রটির সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে সংস্থাটি।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার জানায়, গত ১৫ এপ্রিল রাজধানীর মিরপুরের কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মোহাম্মদপুর থানার একটি প্রতারণা মামলার সন্দেহভাজন আসামি।

তদন্তে জানা যায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভুয়া ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষকে বিনিয়োগে প্রলোভন দেখাত। তারা বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা ও খ্যাতনামা অর্থনীতিবিদদের নাম ও ছবি ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা তৈরি করত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সফটওয়্যারের মাধ্যমে শেয়ারবাজারে নিশ্চিত লাভের মিথ্যা প্রতিশ্রুতি দিত।

মামলার এজাহার অনুযায়ী, এক ভুক্তভোগী ২০২৫ সালের সেপ্টেম্বরে ফেসবুকে একটি আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে প্রতারকদের সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে অল্প বিনিয়োগে লাভ দেখিয়ে তাকে বড় অঙ্কের বিনিয়োগে উৎসাহিত করা হয়। পরে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ধাপে ধাপে তার কাছ থেকে মোট ২১ লাখ ৮৮ হাজার ৫৭ টাকা আত্মসাৎ করা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, গ্রেপ্তার তাজুল ইসলাম বিভিন্ন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ও এটিএম কার্ড সংগ্রহ করে অর্থের বিনিময়ে চক্রের কাছে সরবরাহ করতেন। এসব অ্যাকাউন্ট ব্যবহার করেই প্রতারণার অর্থ লেনদেন ও স্থানান্তর করা হতো। তার নিজস্ব ব্যাংক হিসাবেও প্রতারণার অর্থ স্থানান্তরের প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন। বর্তমানে সাইবার পুলিশ সেন্টার মামলাটির তদন্ত করছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সিআইডি।

এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে সিআইডি সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে। অনলাইনে বিনিয়োগের আগে প্রতিষ্ঠানের সত্যতা যাচাই এবং অপরিচিত লিংক, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন