জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত বাংলাদেশের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম
ছবি: সংগৃহীত
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানকে আরও জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে ফোর্স কমান্ডার ও হেডস অব মিলিটারি কম্পোনেন্টদের সম্মানে মধ্যাহ্নভোজের জন্য আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে এই প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানটির আয়োজক ছিলেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। এতে অংশ নেন জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়ের লাক্রোয়া, অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, অফিস অব মিলিটারি অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত মিলিটারি অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্সসহ বিভিন্ন দেশের ফোর্স কমান্ডার, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিকরা।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, জটিল ও চ্যালেঞ্জপূর্ণ শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডারদের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দক্ষ নেতৃত্বে বাংলাদেশি শান্তিরক্ষীরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধি করছে।
তিনি আরও বলেন, শান্তিরক্ষীদের নিরাপত্তা, পেশাদারিত্ব ও কার্যকারিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের অবদান প্রশংসনীয়।
শান্তিরক্ষা মিশনে আত্মোৎসর্গকারী শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, তাদের ত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ ভবিষ্যতেও জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় রেখে শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী। শেষে তিনি উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
