মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৪ এএম
মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) রাতে কোস্ট গার্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইতের একটি বিশেষ দল চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন সারিকাইত গাছতলী ঘাট এলাকায় অভিযান চালায়।
অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় প্রায় ৬৬০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬৩ হাজার টাকা। পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটটিও জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত সিমেন্ট ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
তিনি আরও বলেন, চোরাচালান ও অবৈধ পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।