ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪২ এএম
ছবি: সংগৃহীত
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের প্রধান সড়কগুলো ঘুরে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা রঙিন পোশাক, মুখোশ, ব্যানার ও ফেস্টুন নিয়ে উৎসবের আবহ তৈরি করেন। এতে গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ, মহিষ ও গরুর গাড়ি, পালকি, পুতুলসহ লোকজ সংস্কৃতির বিভিন্ন প্রতীকী উপস্থাপনা ছিল বিশেষ আকর্ষণ। ঢাক-ঢোলের বাদ্যযন্ত্র ও লোকসংগীতের পরিবেশনায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
এতে অংশ নেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
পরে আদালত চত্বরে বটতলায় বৈশাখ বরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবের মাধ্যমে হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব। তারা অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বাংলা সংস্কৃতি লালনের আহ্বান জানান।
শোভাযাত্রাকে ঘিরে শহরে ছিল উৎসবের আমেজ। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দিনব্যাপী বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ খেলাধুলার আয়োজনের মধ্য দিয়ে জেলার বিভিন্ন স্থানে নববর্ষ উদযাপন করা হয়।