আজ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রথম পর্যায়ে ১০টি জেলার ১১টি উপজেলায় মোট ২০ হাজার কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৫ এএম
ছবি: সংগৃহীত
নির্বাচনি ইশতাহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে, আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।
সোমবার এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এই তথ্য জানান।
তিনি জানান, নির্বাচনি ইশতাহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (আজ) টাঙ্গাইল থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে ১০টি জেলার ১১টি উপজেলায় মোট ২০ হাজার কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে। পরবর্তীতে দেশের সকল কৃষকের জন্য পর্যায়ক্রমে কৃষক কার্ড প্রদান করা হবে।
মাহদী আমিন আরও উল্লেখ করেন, এ কর্মসূচির আওতায় শুধু কৃষকরাই নয়, মৎস্যজীবী ও খামারিরাও অন্তর্ভুক্ত থাকবেন। কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ, সেচ সুবিধা এবং কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, এ কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য প্রশিক্ষণের সুযোগও তৈরি হবে।
তিনি বলেন, কৃষি ভর্তুকি প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কৃষি পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিতে কৃষক কার্ড কার্যকর ভূমিকা রাখবে। সরকারের এ উদ্যোগ দেশের কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মাহাদী আমিন আশা প্রকাশ করেন।