EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আওয়ামী লীগ লুটপাটে সময় নিলেও বিএনপি নিচ্ছে না: শিবির সভাপতি

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি হবে ‘করুণ’

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পিএম

আওয়ামী লীগ লুটপাটে সময় নিলেও বিএনপি নিচ্ছে না: শিবির সভাপতি
অ অ

ব্যাংকিং খাতে লুটপাটের ক্ষেত্রে বিগত আওয়ামী লীগ সরকার সময় নিলেও বর্তমান বিএনপি সরকার কোনো সময় নিচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি হবে ‘করুণ’।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শিবির সভাপতি এসব কথা বলেন।

শিবির সভাপতি বলেন, জনগণ যদি ব্যাংক থেকে তাদের আমানত তুলে নিতে শুরু করে এবং প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো কমিয়ে দেয়, তাহলে দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে এবং তারল্য সংকট দেখা দেবে। এর ফলে অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

‘জুলাই সনদ’ বাস্তবায়ন প্রসঙ্গে সাদ্দাম বলেন, বিএনপি নির্বাচনের আগে গণভোটের পক্ষে প্রচার চালালেও এখন তারা সেটি মানছে না।

বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর অনেক ত্যাগের বিনিময়ে যারা ক্ষমতায় এসেছে, তাদের প্রতি প্রত্যাশা ছিল তারা দেশকে সঠিকভাবে পরিচালনা করবে—হোক তা নির্বাচনের মাধ্যমে কিংবা অন্য কোনো প্রক্রিয়ায়। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বসম্মতিতে গৃহীত অধ্যাদেশগুলো বাস্তবায়নের পরিবর্তে বিএনপি সেগুলো নিজেদের সুবিধামতো পরিবর্তন করছে এবং নতুন আইন প্রণয়ন করছে।

৩১ দফা প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, নির্বাচনের আগে দেওয়া ৩১ দফার প্রথম দফাটিই এখন তারা মানছে না। এছাড়া প্রশাসনে দলীয় নিয়োগ না দেওয়ার অঙ্গীকার থাকলেও বাস্তবে তারা দলীয় লোক নিয়োগের পথ তৈরি করেছে।

ব্যাংকিং খাত নিয়ে তিনি বলেন, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন চারটি ব্যাংকে তারল্য সংকট দেখা দেওয়ার পর গ্রাহকেরা টাকা তুলতে পারেননি। সে সময় অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারি করেছিল, যেখানে অর্থ পাচারকারীদের মালিকানা সীমিত করার কথা বলা হয়। কিন্তু বর্তমান সরকার সেটি শিথিল করে ৭% শেয়ার থাকলেই পুনরায় মালিকানায় ফেরার সুযোগ দিয়েছে। এটা পরিষ্কার যেতারা নিজেরা নিজেদের সঙ্গে মুনাফিকি করছে।

এ সময় ছাত্রশিবিরের ঠাকুরগাঁও শহর শাখার সভাপতি মাহমুদুল হাসানসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন