EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কুষ্টিয়ায় ‘দঙ্গল সন্ত্রাস’ নিয়ে উদ্বেগ: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন নারীপক্ষের

ডেইলি সান রিপোর্ট, কুষ্টিয়া

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পিএম

কুষ্টিয়ায় ‘দঙ্গল সন্ত্রাস’ নিয়ে উদ্বেগ: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন নারীপক্ষের
অ অ

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত ধর্ম অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নারী অধিকার সংগঠন নারীপক্ষ। সংগঠনটি অভিযোগ করেছে, দেশের বিভিন্ন স্থানে মতপ্রকাশ ও সংস্কৃতি চর্চার বিরুদ্ধে সহিংসতা বেড়ে ‘দঙ্গল সন্ত্রাস’ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

রবিবার (১১ এপ্রিল) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামীম রেজা ওরফে জাহাঙ্গীর ‘পীর’-এর ওপর হামলার পাশাপাশি তার দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ উঠেছে।

এক বিবৃতিতে নারীপক্ষের আন্দোলন সম্পাদক গীতা দাস বলেন, পুলিশের উপস্থিতিতেই এমন সহিংস ঘটনা সংঘটিত হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দায়িত্ব পালনে ব্যর্থতা ও অবহেলার বিষয়টি স্পষ্ট হয়েছে।

সংগঠনটি জানায়, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বক্তব্য—‘বিক্ষুব্ধ জনতা’র তুলনায় পুলিশ সদস্য কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি—এ ধরনের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। তারা এ বক্তব্যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে।

নারীপক্ষের মতে, দেশের নাগরিকদের জীবন, সম্পদ, বিশ্বাস ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। দীর্ঘদিন ধরে চলমান এ ধরনের সহিংসতা প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলেও দাবি করে সংগঠনটি।

বিবৃতিতে শামীম রেজা হত্যাকাণ্ড ও তাঁর দরবারে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে ভিন্নমত দমনে সহিংসতা বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন