ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাব স্থাপন করা হবে: সমাজকল্যাণমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীতে আন্তর্জাতিক মানের একটি আধুনিক ডিএনএ ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, ক্রমবর্ধমান জনসংখ্যা ও ডিএনএ পরীক্ষার চাহিদা বিবেচনায় বিদ্যমান ফরেনসিক ডিএনএ ল্যাবকে আধুনিকায়ন করা হবে।
রবিবার (১২ এপ্রিল) আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের সভাকক্ষে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি উপদেষ্টা পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বর্তমানে ব্যবহৃত ডিএনএ ল্যাবের যন্ত্রপাতি ১৫ বছরেরও বেশি পুরোনো হওয়ায় এর কার্যকারিতা কমে গেছে। নমুনা বিশ্লেষণের গুণগত মান, বিশুদ্ধতা ও নির্ভুলতা নিশ্চিত করতে নতুন প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতি স্থাপন জরুরি। তিনি বলেন, সকল ডিএনএ রিপোর্টকে একটি সমন্বিত ডাটাবেজের আওতায় এনে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা হবে।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ডিএনএ স্ক্রিনিং ল্যাবগুলোকে পূর্ণাঙ্গ প্রোফাইলিং ল্যাবে উন্নীত করা হবে, যাতে দেশব্যাপী এ সেবা সহজলভ্য হয়।
মন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ফরেনসিক ডিএনএ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০০৬ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের প্রথম আন্তর্জাতিক মানের ডিএনএ প্রোফাইলিং ল্যাব স্থাপনের পর বিভিন্ন মেডিকেল কলেজে এ সুবিধা সম্প্রসারণ করা হয়েছে।
সভায় ডিএনএ ল্যাব আধুনিকায়নে প্রয়োজনীয় জনবল নিয়োগ, ডাটাবেজ তৈরি, আইন ও বিধিমালা সংশোধন এবং নমুনা বিশ্লেষণের ফি নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রী ডিএনএ ল্যাবরেটরির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।