গণভোটের রায় অমান্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে ১১ দলের বিক্ষোভ
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
গণভোটের রায় অমান্যের প্রতিবাদ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উত্তর তেমুহনীতে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর নজির আহম্মদ, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, এবি পার্টির জেলা সভাপতি খালেদ সাইফুল্লাহ এবং এনসিপি নেতা আলমগীর হোসাইনসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করা হচ্ছে। তারা বলেন, জনগণের মতামতকে সম্মান জানিয়ে গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।
বক্তারা আরও বলেন, জনগণের ভোটে সরকার গঠন বৈধ হলেও সংস্কারের ক্ষেত্রে জনগণের মতামত অগ্রাহ্য করা দ্বিচারিতার শামিল। এ ধরনের অবস্থান জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
নেতারা দাবি করেন, গণভোটকে উপেক্ষা করে জাতির প্রতি অবমাননা করা হয়েছে। সরকার জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে রাজপথ ও সংসদ—উভয় জায়গাতেই আন্দোলন জোরদার করা হবে বলে জানান তারা।