EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আইন জানা ও মেনে চলার মানসিকতা গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের আইজিপি

সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৫:২১ পিএম

আইন জানা ও মেনে চলার মানসিকতা গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের আইজিপি

ছবি সংগৃহীত

অ অ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। আইন জানা এবং আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে হবে। সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কমপ্লেক্স সেমিনার হলে সমিতি আয়োজিত আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অপরাধ করলে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, প্রত্যেক জেলার সদর থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা ঘোষণা করা হয়েছে।

অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আইজিপি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পাশাপাশি তাদের জন্য আয় বৃদ্ধিমূলক উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।


অনুষ্ঠানে আইজিপির অনুরোধে ‘কেমন পুলিশ চাই’ বিষয়ে শহীদ পুলিশ স্মৃতি কলেজের সৌমিক সরকার দুর্জয়, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের মাহিন আল হোসেন ও এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের মাহজাবিন জেরিন পুষ্পিতা এ তিন শিক্ষার্থী মতামত ব্যক্ত করেন। তারা পুলিশকে বন্ধুসুলভ, জনবান্ধব পুলিশ হিসেবে দেখতে চায়। জনগণের সাথে পুলিশের আচরণের ক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি মানবিক দিক বিবেচনার বিষয়ও তাদের বক্তব্যে উঠে এসেছে।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সহ-সভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) ইয়াসমিনের সঞ্চালনায় ও সভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) ড. এম আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকা মহানগরীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ এবং এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের ১০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয় এবং ৩০০ জনকে সংশ্লিষ্ট পুলিশ সুপারের মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে।

আরও পড়ুন