EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

উপকূলীয় নৌপথের নিরাপত্তা জোরদারে মোংলায় কোস্টগার্ডের যৌথ সভা

দস্যুতা ও চোরাচালান দমনে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ সমন্বয় সভা।

ডেইলি সান রিপোর্ট, খুলনা

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পিএম

উপকূলীয় নৌপথের নিরাপত্তা জোরদারে মোংলায় কোস্টগার্ডের যৌথ সভা

মংলায় কোস্ট গার্ডের সমন্বয় সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

অ অ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় নৌপথ এবং সুন্দরবন এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, দস্যুতা দমন ও অবৈধ কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড বেইস, মোংলায় এই সভা অনুষ্ঠিত হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, এই যৌথ সভায় বাংলাদেশ নৌবাহিনী, জেলা প্রশাসন (বাগেরহাট), পুলিশ, র‍্যাব ও নৌ-পুলিশের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়াও মোংলা বন্দর কর্তৃপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বন বিভাগ, নৌ-পরিবহণ অধিদপ্তর, লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন এবং ট্যুর ও রিসোর্ট অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

এ সময় সুন্দরবনের দস্যুতা দমন কার্যক্রম জোরদার, সীমান্তবর্তী নদীপথ দিয়ে অবৈধ অস্ত্র অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধ, টুরিস্ট জাহাজ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, রিসোর্টসমূহে ডাকাতি ও অপহরণ রোধ এবং বন্যপ্রাণী সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়াও বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও ডাকাতি প্রতিরোধ, নিরাপত্তা কাজে ওয়াচম্যান মোতায়েনের নির্দেশনা, ফিশিং ট্রলারের মাধ্যমে চোরাচালান প্রতিরোধ, সমুদ্রে ৫৮ দিনের ফিশিং ব্যান বাস্তবায়ন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌ-রুটে চলাচলরত লাইটার ও কোস্টার জাহাজসমূহের নিরাপত্তা জোরদার এবং নোঙর অবস্থায় আলোর ব্যবস্থা নিশ্চিতকরণ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি আরও জানান, বাংলাদেশ কোস্টগার্ড দেশের উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, দস্যুতা দমন এবং সকল প্রকার অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

আরও পড়ুন