আবার ৩ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম
ছবি: সংগৃহীত
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) শেখ মামুন খালেদকে ফের তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন জোনাইদ শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে এ মামলায় তিন দফায় মোট ১৫ দিন রিমান্ডে ছিলেন শেখ মামুন খালেদ।
আজ শুনানির শুরুতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই তোফাজ্জল হোসেন আদালতে অভিযোগ পড়ে শোনান। পরে নতুন এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চান।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী শাহীন মোর্শেদ রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে রাজধানীর পল্টন, মতিঝিল ও রমনা এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। এসময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, লুটপাট, ককটেল বিস্ফোরণ, টিয়ারশেল নিক্ষেপ ও গুলিবর্ষণের অভিযোগ আনা হয়। এতে বহু নেতাকর্মী আহত হন এবং মকবুল নামে এক কর্মীর মৃত্যু হয়।