EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রায়ে অসন্তোষ আবু সাঈদের মা-বাবা: সাজা বাড়াতে আপিল করার দাবি

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পিএম

রায়ে অসন্তোষ আবু সাঈদের মা-বাবা: সাজা বাড়াতে আপিল করার দাবি

ছবি: ডেইলি সান

অ অ

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তার মা-বাবা, সহপাঠী ও সহযোদ্ধারা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনজীবি এবং রাষ্ট্রপক্ষের সঙ্গে পরামর্শ করে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকেই শহীদ আবু সাঈদের পরিবার উৎকণ্ঠার সঙ্গে রায়ের জন্য অপেক্ষা করছিল। দুপুরে রায় ঘোষণা হলে মা মনোয়ারা বেগম এবং বাবা মকবুল হোসেন কবরের পাশে আসেন। তাদের সঙ্গে ছিলেন হত্যা মামলার সাক্ষী এবং চাচাতো ভাই রুহুল আমিন।

মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার ছেলের জীবন দিয়ে তো কিছুই হয়নি। বিচার সঠিক হয়নি। আশা করছি প্রধানমন্ত্রী তারেক জিয়া সঠিক বিচার করবেন। দুই আসামির ফাঁসি হয়েছে, কিন্তু অন্যদের জন্য রায় সন্তোষজনক নয়। পোমেল বড়ুয়া মাত্র দশ বছর কারাদণ্ড পেয়েছে, এটি ন্যায্য নয়।’

বাবা মকবুল হোসেনও অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘দুইজনকে ফাঁসি এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও অনেক আসামিকে সাজা দেওয়া উচিত ছিল। যারা অপরাধের আদেশ দিয়েছে তারা বেঁচে গেছে।’

শহীদ আবু সাঈদের চাচাতো ভাই রুহুল আমিন বলেন, ‘উচ্চ পদস্ত কর্মকর্তারা হত্যার আদেশ দিয়েছেন। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। পরিবার, আইনজীবি ও রাষ্ট্রপক্ষের সঙ্গে পরামর্শ করে আপিল করা হবে।’

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুর রহমান সুমন ও যুব সংগঠনও রায়ের কঠোর সমালোচনা করেছেন। তারা বলেন, রায়ে অনেক আসামিকে দায়মুক্ত করা হয়েছে, যা ন্যায়বিচারকে ক্ষতিগ্রস্ত করছে।

রায় প্রকাশের পরও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম শওকত আলী সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন পরে রায় দেওয়া হয়েছে। পরিবার এবং রাষ্ট্রপক্ষের সঙ্গে সমন্বয় করে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুন