শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় হ্রাসে মালয়েশিয়ার সম্মতি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খোলা ও ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার পুত্রজায়ায় বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রম অভিবাসন বিষয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদার ভিত্তিতে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার পুনরায় খোলার প্রক্রিয়া দ্রুততর করা এবং একটি ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়ে সম্মতি প্রকাশ করা হয়েছে।
বৈঠকে অংশগ্রহণ করেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মানবসম্পদ মন্ত্রী দাতো শ্রী রমনন রামকৃষ্ণন।
বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। উভয় পক্ষ শ্রমিক শোষণ রোধ, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত এবং একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া গড়ে তোলার জন্য যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমিক নিয়োগে মধ্যস্থতাকারী ও অভিবাসন খরচ কমানো, যোগ্য নিয়োগকারী সংস্থা ব্যবহার, অবশিষ্ট আটকে পড়া শ্রমিকদের দ্রুত নিয়োগ সহজতর করা এবং প্রযুক্তি-চালিত এআই ভিত্তিক নিয়োগ ব্যবস্থা বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর ‘নিয়োগকর্তাই অর্থ প্রদান করবেন’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জন্য খরচ শূন্য করা।
এছাড়া বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষক বিনিময়, শিক্ষা খাতে সহযোগিতা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং তথ্য আদান-প্রদানে সমন্বয় বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়েছে। উভয় পক্ষ মানব পাচার সংক্রান্ত চলমান আইনি মামলা এবং অনিয়মিত কর্মীদের সমস্যা মোকাবেলায় জবাবদিহিতা ও সময়োপযোগী বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বৈঠক শেষে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে নিয়মিত আলোচনার মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেছেন। বাংলাদেশ প্রতিনিধিদল মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
