EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বগুড়া-৬ উপনির্বাচনে অনিয়মে ‘জিরো টলারেন্স’: ইসি সানাউল্লাহ

ডেইলি সান রিপোর্ট, বগুড়া:

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম

বগুড়া-৬ উপনির্বাচনে অনিয়মে ‘জিরো টলারেন্স’: ইসি সানাউল্লাহ

ছবি: সংগৃহীত

অ অ

আসন্ন বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে ঘিরে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা প্রভাব বিস্তার সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রবিবার (৫ এপ্রিল) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিল্যান্স টিম, অবজারভেশন ইউনিট এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের পেশিশক্তির ব্যবহার বা কারচুপির সুযোগ দেওয়া হবে না। “ভোটে ‘দুই নম্বরি’ করার চিন্তাও যেন কেউ না করে”—এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এ ধরনের কোনো চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো কোনো ঘটনা কমিশন দেখতে চায় না। দায়িত্বপ্রাপ্ত কেউ তার দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপনির্বাচনকে কম গুরুত্বপূর্ণ হিসেবে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

সানাউল্লাহ উল্লেখ করেন, অতীতে প্রিজাইডিং কর্মকর্তাদের অসতর্কতা বা ভুল সিদ্ধান্তের কারণে পুরো নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল দেশের ইতিহাসে অন্যতম সংঘাত ও রক্তপাতহীন নির্বাচন। সেই মান ও ধারাবাহিকতা আসন্ন উপনির্বাচনেও বজায় রাখতে হবে। এ লক্ষ্যে ছয়টি টিম কাজ করছে, যাতে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

নিখোঁজ অস্ত্র প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, বর্তমানে চার শতাধিক পিস্তল নিখোঁজ রয়েছে, যা নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এসব অস্ত্র যেন কোনো অপকর্মে ব্যবহৃত না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, রাজশাহী বিভাগীয় কমিশনার এ এন এম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম, বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন