EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পদ্মার নয়, স্বাদে এগিয়ে মেঘনার ইলিশ: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী বলেন, দুই মাস মাছ ধরা বন্ধ থাকার কারণে সরকার প্রতিটি জেলেকে ৩ হাজার টাকার খাদ্য সহায়তা দিচ্ছে।

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পিএম

পদ্মার নয়, স্বাদে এগিয়ে মেঘনার ইলিশ: পানিসম্পদ মন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা নদীর ইলিশের চেয়ে মেঘনা নদীর ইলিশের দাম বেশি এবং স্বাদেও উৎকৃষ্ট। পদ্মার ইলিশে কিছুটা লালচে ভাব থাকে। অনেকেই ঢাকায় গিয়ে পদ্মার ইলিশের কথা বলেন। আসলে প্রকৃত ইলিশ হচ্ছে মেঘনার ইলিশ। ইলিশ আমাদের জাতীয় সম্পদ ও জাতীয় মাছ। সরকার এ সম্পদ রক্ষায় উদ্যোগ নিয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২৬ অর্থবছরের ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’- এর আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ-এপ্রিল মাসে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় অত্যন্ত ভালো। দুই মাস মাছ ধরা বন্ধ থাকার কারণে সরকার প্রতিটি জেলেকে ৩ হাজার টাকার খাদ্য সহায়তা দিচ্ছে।

জেলেদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সবসময় মাছ শিকার করেন। এই দুই মাস মাছ ধরা বন্ধ রাখুন। এ সময় বিশ্রাম নিন, জাল বুনুন, নৌকা মেরামত করুন এবং পরবর্তী সময়ে মাছ ধরার জন্য মানসিক প্রস্তুতি নিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম, জেলা প্রশাসক মেহেদী হাসান এবং পুলিশ সুপার আবু তারেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবু।

আরও পড়ুন