গাজীপুরে চিলাই খাল পুনঃখনন শুরু, জলাবদ্ধতা নিরসনে বড় উদ্যোগ
ডেইলি সান রিপোর্ট, গাজীপুর
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১১:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
অবৈধ দখল ও দূষণে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুরে গুরুত্বপূর্ণ চিলাই খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নগরীর ভুরুলি এলাকায় আনুষ্ঠানিকভাবে খনন কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. আমজাদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর মহানগরে মোট ১৯টি খাল রয়েছে এবং পর্যায়ক্রমে সবগুলো খাল পুনঃখনন করা হবে। একই সঙ্গে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ চিলাই খালটি মহানগরের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় এটিকে দ্রুত সংস্কার করে দৃষ্টিনন্দন খালে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে খালের দুই পাশে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি খালে শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য ফেলা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসক আরও বলেন, খালগুলো পুনঃখনন ও দখলমুক্ত করা গেলে নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে আসবে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
একই দিনে প্রশাসক গাজীপুর চৌরাস্তায় ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন কড্ডা ডাম্পিং স্টেশনের পশ্চিম পাশে একটি আরসিসি সড়ক নির্মাণ কাজেরও উদ্বোধন করা হয়।