ভূমধ্যসাগরে ১২ জনের মৃত্যু, সুনামগঞ্জে মামলা দায়ের
গত শনিবার লিবিয়া থেকে ট্রলারে করে অবৈধ পথে গ্রিস যাওয়ার সময় ভূমধ্যসাগরে খাবার ও পানির তীব্র সংকটে ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়।
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০১:৫৮ এএম
ছবি: সংগৃহীত
জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে অবৈধ ভাবে লিবিয়া থেকে গ্রিস যাবার পথে বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে সুনামগঞ্জের ১২ জনের প্রাণ হারানোর ঘটনায় দিরাই থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার(৩০ মার্চ) রাত ১২টায় চারজন চিহ্নিত মানবপাচারকারীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
নিহত অভিবাসনপ্রত্যাশী সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ, গত শনিবার লিবিয়া থেকে অবৈধ পথে গ্রীস বোটে করে যাবার পথে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের কারণে ভূমধ্যসাগরে ২২ জন অভিবাসীর মৃত্যু ঘটে, যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি। পরে পাচারকারীদের নির্দেশে মৃতদেহ গুলো ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়।
এরমধ্যে সুনামগঞ্জের তিন উপজেলার ১২ জন রয়েছেন। নিহতদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৬ জন, জগন্নাথপুরের ৫ জন ও দোয়ারাবাজারের ১ জন রয়েছেন।
নিহতদের স্বজনরা অভিযোগ, দিরাই উপজেলার মানবপাচারকারীর সঙ্গে জনপ্রতি ১২ লাখ টাকায় চুক্তি করে তারা লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার উদ্যোগ নেন। চুক্তি অনুযায়ী বড়ো ও নিরাপদ নৌকায় করে যাত্রার কথা থাকলেও শেষ পর্যন্ত তাদের ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় তুলে দেওয়া হয়।