জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন
ডেইলি সান রিপোর্ট, নিউইয়র্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১০:২৯ এএম
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন’-এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে নিউইয়র্কের একটি স্থানীয় হোটেলে সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত প্রায় ১৫০ দেশের স্থায়ী প্রতিনিধি, জাতিসংঘ সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনৈতিক ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন। তিনি বলেন, ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভের পর থেকে বাংলাদেশ বহুপাক্ষিকতাকে তার পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে ধারণ করে আসছে।
তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার, শান্তিরক্ষা কার্যক্রমে দেশের অবদান এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি মানবিক সহায়তার বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ২৬ মার্চ কেবল একটি জাতির জন্মলগ্ন নয়, এটি বাঙালি জাতির অদম্য ইচ্ছাশক্তি, মর্যাদা ও স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের প্রতীক।
এর আগে মিশনের অডিটোরিয়ামে একটি আলোচনা সভা আয়োজন করা হয়। সেখানে বিশিষ্টজনদের বাণী পাঠ করা হয় এবং দিবসের তাৎপর্য তুলে ধরতে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।