স্বাধীনতা দিবসে নৌবাহিনীর বর্ণিল আয়োজন, উন্মুক্ত রাখা হয় যুদ্ধজাহাজ
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১১:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে দেশব্যাপী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়, যা দেখতে ভিড় করেন বিপুল সংখ্যক দর্শনার্থী।
বৃহস্পতিবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দেশের বিভিন্ন নৌ অঞ্চলে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে নৌবাহিনীর মসজিদসমূহে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের জাহাজ ও ঘাঁটিগুলোতে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত ‘আশার আলো’ স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও আয়োজন করা হয়।
দিবসটি ঘিরে চট্টগ্রামে নৌবাহিনীর উদ্যোগে ‘ফ্রি মেডিকেল ক্যাম্পেইন’ আয়োজন করা হয়, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। এতে সেবা গ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত কুচকাওয়াজে নৌবাহিনীর কন্টিনজেন্ট, মেকানাইজড কলাম, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার অংশগ্রহণ করে নৌবাহিনীর ত্রিমাত্রিক সক্ষমতা প্রদর্শন করে।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, দিগরাজ ও বরিশালের বিভিন্ন নৌঘাঁটিতে নৌবাহিনীর একাধিক জাহাজ সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। এতে সাধারণ মানুষ জাহাজ পরিদর্শনের পাশাপাশি নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।
পাশাপাশি চট্টগ্রামের লাভলেইনে অবস্থিত মেরিটাইম মিউজিয়ামও সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়, যা দর্শনার্থীদের আগ্রহ বাড়িয়ে তোলে।