ডেপুটি স্পীকারের সঙ্গে আন্তর্জাতিক নির্বাচনী প্রতিনিধি দলের সাক্ষাৎ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৬:১১ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্ট্রোরাল সিস্টেমেসের (International Foundation for Electoral Systems) তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।
বুধবার (২৫ মার্চ) জাতীয় সংসদ ভবনের ডেপুটি স্পীকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন জন জোসেফ লিস (যুক্তরাষ্ট্র), নানাদ মারিঙ্কোভিচ (সার্বিয়া) ও মারিয়া চৌধুরী (বাংলাদেশ)।
সাক্ষাৎকালে সংসদের কার্যক্রম, মৌলিক গবেষণামূলক প্রকল্প, সংসদের সংস্কৃতি ও রীতিনীতি, ই-পার্লামেন্ট চালুকরণে সফটওয়্যার ব্যবহার, সংসদীয় কমিটির কার্যক্রম জোরদারকরণ, বাজেট বরাদ্দ ও সরকারি হিসাব কমিটির কার্যক্রমসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ডেপুটি স্পীকার সংসদের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন এবং সংসদকে গণতন্ত্রের সঠিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে আরও কার্যকর ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিনিধি দলও তার বক্তব্যে সন্তোষ ও আশাবাদ প্রকাশ করে। সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।