সাত ইঞ্চি ভাঙা পাত: লাল কাপড়ে ট্রেন থামিয়ে পুরস্কার পেলেন সেই এনামুল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৭ পিএম
রেললাইনের ভাঙা অংশ দেখে লাল সংকেত উড়িয়ে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে ট্রেন রক্ষা করায় দিনাজপুরের এনামুল হককে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (২৪ মার্চ) পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সম্মাননা স্মারক ও অর্থ তুলে দেওয়া হয়।
গতকাল সোমবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে বিরামপুর ও ফুলবাড়ী স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের উপরিভাগের (হেড) প্রায় সাত ইঞ্চি অংশ ভাঙা দেখতে পান এনামুল হক। ওই সময় দ্রুতগতিতে পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি সেই পথ দিয়ে আসার কথা ছিল। বিপদের আশঙ্কা দেখে তাৎক্ষণিকভাবে লাল কাপড় দিয়ে সিগন্যাল প্রদর্শন করেন এনামুল। তার সংকেত দেখে চালক ট্রেনটি থামিয়ে দিলে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান শত শত যাত্রী।
বিচক্ষণতা ও নাগরিক দায়িত্ববোধের পরিচয় দেওয়ায় আজ এনামুল হককে এই বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ তার হাতে সম্মাননা স্মারক, প্রশংসাপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে মহাব্যবস্থাপক বলেন, এনামুল হক একজন সুনাগরিকের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সময়োচিত পদক্ষেপের কারণে অনেক প্রাণ রক্ষা পেয়েছে। রেলওয়ে তার এই অবদানের প্রতি কৃতজ্ঞ।
পুরস্কার পাওয়া মো. এনামুল হক দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, রেলওয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।