ভূমি অফিসে দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামানোর লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১১:২৩ এএম
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি আগামী ছয় মাসের মধ্যে ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ লক্ষ্যে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কথা জানান তিনি।
রবিবার (২২মার্চ) চট্টগ্রাম নগরীর চটেশ্বরী রোডে অবস্থিত তার বাসভবন ‘ডালিয়া কুঞ্জে’ আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি জানান, ভূমি অফিসগুলোকে ধাপে ধাপে পূর্ণাঙ্গ অটোমেশনের আওতায় আনা হচ্ছে। ‘ক্যাশলেস’ বা সরাসরি অর্থ লেনদেনহীন ব্যবস্থা চালু করা গেলে দুর্নীতি ও হয়রানি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এতে নাগরিকরা ঘরে বসেই অনলাইনে নামজারি, জমা-খারিজ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে চট্টগ্রামের অনেক ভূমি অফিসে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। সরকার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে আধুনিক ই-সেবা নিশ্চিত করতে কাজ করছে। হাটহাজারী ভূমি অফিসের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সেখানে ইতোমধ্যে ক্যাশ ট্রানজ্যাকশন বন্ধ রয়েছে, যা অন্যত্রও চালু করা হবে।
তিনি আরও বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে কঠোরভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।