EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পরিত্যক্ত শিশুদের লালন-পালনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৬:৫৮ পিএম

পরিত্যক্ত শিশুদের লালন-পালনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

ছবি: সংগৃহীত

অ অ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সমাজে পিতৃ-মাতৃহীন, পরিত্যক্ত ও বিপন্ন শিশুদের লালন-পালনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীর আজিমপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন ‘ছোটমণি নিবাস’ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পিতৃ-মাতৃহীন, দাবিদারহীন ও হাসপাতাল থেকে উদ্ধারকৃত শিশুদের সঠিকভাবে লালন-পালন ও পরিচর্যার জন্য সরকারের পাশাপাশি সমাজের সচ্ছল মানুষেরও দায়িত্ব রয়েছে। তিনি উল্লেখ করেন, এ ধরনের শিশুদের কল্যাণে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পাবলিক পার্টনারশিপ) গড়ে তোলা গেলে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব।

তিনি আরও বলেন, শিশুদের লালন-পালন একটি অত্যন্ত সংবেদনশীল ও দায়িত্বপূর্ণ কাজ। নিজের পরিবারের শিশুর মতো করেই তাদের সেবা-যত্ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং রোগ-ব্যাধি থেকে সুরক্ষার জন্য নিয়মিত খাবার ও ওষুধ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী শিশুদের কোলে নেন এবং তাদের সঙ্গে সময় কাটান। তিনি শিশুদের ব্যবহৃত বিছানা ও কাপড় গরম পানিতে ধুয়ে পরিষ্কার রাখার নির্দেশনা দেন, যাতে তারা বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত থাকে। এ সময় মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের অংশ হিসেবে মন্ত্রী ঢাকা মহানগরীর মিরপুর, তেজগাঁও ও আজিমপুরের শিশু পরিবার (বালক-বালিকা) এবং ছোটমণি নিবাসের বিভিন্ন কক্ষ, রান্নাঘর, খাদ্য সংরক্ষণাগার ও পরিবেশন ব্যবস্থা ঘুরে দেখেন। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, শিশুদের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা হচ্ছে দেখে তিনি অত্যন্ত আনন্দিত।

আরও পড়ুন