নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সদরঘাটে দিনভর প্রতিমন্ত্রীর অবস্থান
অনিয়মে ৭০ হাজার টাকা জরিমানা ও ৩৭ জন আটক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১১:২০ পিএম
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দিনব্যাপী অবস্থান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান। এ সময় তিনি সরেজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।
নৌপরিবহন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পরিদর্শনকালে নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে বিলম্বে লঞ্চ ছাড়ার অভিযোগে বিআইডব্লিউটিএর ভ্রাম্যমান আদালত তিনটি লঞ্চকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করে। পাশাপাশি অন্যান্য লঞ্চগুলোকে সতর্ক করা হয়। প্রতিমন্ত্রী সশরীরে প্রায় ২০টি লঞ্চ পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।
যাত্রীদের হয়রানি ও অনিয়মে জড়িত থাকার অভিযোগে এবং অবৈধভাবে পল্টন দখলের কারণে ৩৭ জন হকারকে আটক করে নৌ পুলিশের কাছে সোপর্দ করা হয়। এছাড়া অবৈধভাবে নৌকা দিয়ে যাত্রীদের লঞ্চে পারাপারের দায়ে ৬ জন নৌকা চালককেও আটক করা হয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থাকে দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। একই সঙ্গে যাত্রীদের সচেতনভাবে চলাচলের আহ্বান জানান এবং কোনো অনিয়ম দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন।
এদিকে, গতকালের লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের সন্ধানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নৌপরিবহন মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।