ঈদে নৌপথে কঠোর নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের নৌপথে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকাজুড়ে বিশেষ টহল, তল্লাশি এবং নজরদারি বাড়ানো হয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূল ও নদীপথের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে আসা বাহিনীটি ঈদকে ঘিরে চারটি জোনের আওতাধীন গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল, মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, সন্দেহভাজন ব্যক্তি ও নৌযানে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঈদ ও ঈদ-পরবর্তী সময়ে যাত্রীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
এছাড়া সমুদ্র ও নদীপথে চোরাচালান, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ধারাবাহিক অভিযানের ফলে অনেক এলাকায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তৎপরতা কমে এসেছে এবং নৌযান চলাচলে স্বস্তি ফিরেছে।
কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের নৌপথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।