EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভিয়েনায় দ্বিপাক্ষিক বৈঠক

পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে ব্রিটিশ সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটিশ প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন নিরাপত্তা খাতের এই সংস্কার পরিকল্পনার প্রশংসা করেন এবং কারিগরি সহযোগিতার আশ্বাস দেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:০৮ পিএম

পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে ব্রিটিশ সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত

অ অ

অস্ট্রিয়ার ভিয়েনায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকে বাংলাদেশ পুলিশের সংস্কার, আধুনিকায়ন এবং রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের কারিগরি ও কৌশলগত সহযোগিতা চেয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে চলমান ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর দ্বিতীয় দিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ পুলিশের প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত এবং মানবাধিকার সুরক্ষায় ব্রিটিশ পুলিশের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর জোর দেন। তিনি বলেন, একটি জনবান্ধব ও আধুনিক পুলিশ বাহিনী গড়ে তুলতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ জ্ঞান ও প্রশিক্ষণ সহায়তা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ব্রিটিশ প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন নিরাপত্তা খাতের এই সংস্কার পরিকল্পনার প্রশংসা করেন এবং কারিগরি সহযোগিতার আশ্বাস দেন।

রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বাস্তুচ্যুত এই বিশাল জনগোষ্ঠীর মানবিক সহায়তায় যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

বৈঠকে প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন এবং সামুদ্রিক নিরাপত্তা খাতে বিদ্যমান সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। ২০২৬ সালের জাতীয় নির্বাচন-পরবর্তী সময়ে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের জন্য লর্ড হ্যানসনকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশে সুশাসন ও গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখতে বদ্ধপরিকর।’ 

গত সপ্তাহে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় অভিবাসন ব্যবস্থাপনা ও অপরাধ বিচার (ক্রিমিনাল জাস্টিস) খাতেও সহযোগিতা ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি।

বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক মিশনের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন