EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

খাল খননে সেচ বাড়বে, কমবে কৃষি উৎপাদন খরচ: শরীফুল আলম

ডেইলি সান রিপোর্ট, কিশোরগঞ্জ

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম

খাল খননে সেচ বাড়বে, কমবে কৃষি উৎপাদন খরচ: শরীফুল আলম
অ অ

খাল খননের মাধ্যমে কৃষিতে সেচ সুবিধা বাড়বে এবং উৎপাদন খরচ কমবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের নিকলি উপজেলার আড়িবিল খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের মতো কিশোরগঞ্জেও খাল খনন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। এর ফলে পানির স্বাভাবিক প্রবাহ বাড়বে এবং কৃষিতে সেচের সুবিধা বৃদ্ধি পাবে। বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমলে কৃষিতে উৎপাদন খরচও কমবে।

তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী না হলে উন্নয়ন কেবল কাগজে সীমাবদ্ধ থাকে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে এবং কিশোরগঞ্জের এক হাজারের বেশি পরিবার এ কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা পাচ্ছে। পাশাপাশি ইমাম–মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালু হয়েছে এবং আগামী এপ্রিলে কৃষক কার্ড চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে চাষি, খামারি, পাটচাষি ও রেশমচাষিরা সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে প্রায় ১২ লাখ কৃষকের এক হাজার ৫০ কোটি টাকার সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন এবং কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন