১৭ বছরের জঞ্জাল-আবর্জনা আমাদের পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০২:২৯ পিএম
ছবি: সংগৃহীত
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিগত ১৭ বছরের জঞ্জাল, আবর্জনা-বর্জ্য আমাদের পরিষ্কার করতে হবে। যেহেতু আমরা এখন নির্বাচিত সরকারে আছি, আমরা তারেক রহমানের নেতৃত্বে সকল ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে নদী-খাল দখলমুক্ত করব।
তিনি বলেন, আমরা জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে দেশপ্রেমিক সরকার হিসেবে প্রতিষ্ঠা পেতে সকলের সহযোগিতা চাই।
শুক্রবার (১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুরের রহমতখালী ও ওয়াপদা খাল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।
পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, বিভিন্ন স্থানে খাল-নদী দখল ও দূষণের ফলে বর্ষায় স্থায়ী জলাবদ্ধতায় জনদুর্ভোগ বাড়ে। শুষ্ক মৌসুমে ইরিগেশন ও সবজি আবাদে পানি শূন্যতায় বিপাকে পড়েন কৃষক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে সময়ে এসব চিন্তায় খাল খনন করেছেন। কৃষি উৎপাদন ও মাছ চাষ বৃদ্ধি পেয়ে দেশের মানুষ সুফল পেয়েছেন। আমরা আবার সেই কর্মসূচি হাতে নিয়েছি। আমরা আশা করছি সকলের সহযোগিতায় আমরা সফল হব।
এ সময় উপস্থিত ছিলেন মহাপরিচালক মোহাম্মদ এনায়েত উল্যাহ, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।