EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঈদ উপলক্ষ্যে নৌপথে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু ১৭ মার্চ

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৮:২৫ পিএম

ঈদ উপলক্ষ্যে নৌপথে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু ১৭ মার্চ

ছবি: সংগৃহীত

অ অ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নৌপথে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ নৌ-সেবা চালুর উদ্যোগ নিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ মার্চ থেকে ঢাকার বছিলা লঞ্চঘাট এবং কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে বিশেষ লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু হবে।

নৌ-মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-নারায়ণগঞ্জ-চাঁদপুর-কালিগঞ্জ-হিজলা হয়ে বরিশাল পর্যন্ত নৌযান চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া ঢাকার বছিলা ব্রিজসংলগ্ন বছিলা লঞ্চঘাট থেকে বছিলা-সদরঘাট-মুন্সিগঞ্জ-চাঁদপুর-ইদগা ফেরিঘাট এবং শরীয়তপুর-ইলিশা-হাকিমুদ্দিন-গলাচিপা রুটে যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।

ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া যাত্রীদের নির্ধারিত নৌপথ ব্যবহার করে নিরাপদে যাতায়াতের জন্য অনুরোধ জানিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়।

এছাড়া, নৌপরিবহণ মন্ত্রণালয় নৌপথে চলাচলকারী যাত্রীদের কোনো জরুরি প্রয়োজনে ও সেবাসংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএ’র হটলাইনে (নম্বর- ১৬১১৩) যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আরও পড়ুন