রংপুরে ৪০ কিশোরীকে মর্যাদা সুরক্ষা সামগ্রী উপকরণ বিতরণ
সভায় বক্তারা সরকারি-বেসরকারি যৌথভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে নারীদের অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরত্বারোপ করেন।
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রংপুরে ৪০ জন কিশোরীর মাঝে উন্নত মানের মর্যাদা সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে রংপুর এনজিও ফোরাম কার্যালয়ে নারী অধিকার বিষয়ক এক আলোচনা সভা শেষে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
সেভ দ্য চিলড্রেন- এর অর্থায়নে ‘সোচ্চার’ প্রকল্পের আওতায় কাটনার পাড়া নারী উন্নয়ন সংস্থা, অ্যাসোসিয়েশন অব অলটারনেটিভ ডেভলপমেন্ট ও পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নারী অধিকার ও বর্তমান পরিস্থিতির বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক জিলুফা ইয়াসমিন।
অ্যাসোসিয়েশন অব অলটারনেটিভ ডেভলপমেন্ট-এর নির্বাহী পরিচালক সাইদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সেলোয়ারা বেগম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ফারুক। এছাড়া বিভিন্ন জিও ও এনজিও প্রতিনিধিরা আলোচনা সভায় বক্তব্য রাখেন।
সভায় বক্তারা সরকারি-বেসরকারি যৌথভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে নারীদের অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ৪০ জন কিশোরীর হাতে ১৩ প্রকারের উন্নত মানের মর্যাদা সুরক্ষা ও হাইজিন সামগ্রী তুলে দেন অতিথিরা।