ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের উদ্যোগ ডিএসসিসির
টার্মিনালের ভেতরে প্রকৃত বাস কোম্পানির জন্য নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে টিকিট কাউন্টার বরাদ্দ দেওয়া হবে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৬:৫৭ পিএম
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালকে কেন্দ্র করে বেশ কিছু পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অবৈধ টিকিট কাউন্টার উচ্ছেদ, টার্মিনালের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীসেবা বাড়াতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১০ মার্চ) নগর ভবনে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি এবং সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন শ্রমিক কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, সায়েদাবাদ সেতুর ঢাল থেকে টিটি পাড়া পর্যন্ত সড়কের পাশে গড়ে ওঠা সব অবৈধ টিকিট কাউন্টার নির্ধারিত সময় দিয়ে নোটিশের মাধ্যমে অপসারণ করা হবে। পাশাপাশি টার্মিনালের ভেতরে থাকা অবৈধ দোকানও উচ্ছেদে অভিযান চালানো হবে।
ডিএসসিসি জানায়, টার্মিনালের ভেতরে প্রকৃত বাস কোম্পানির জন্য নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে টিকিট কাউন্টার বরাদ্দ দেওয়া হবে। এ কাজে ডিএসসিসি, পুলিশ ও বাস মালিক সমিতি সমন্বিতভাবে কাজ করবে।
যাত্রী ওঠানামার ক্ষেত্রে শৃঙ্খলা আনতেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বাসগুলোকে ডিপোর মতো করে টার্মিনাল ব্যবহার না করে নির্ধারিত পাঁচটি বাস-বে ব্যবহার করতে হবে। যাত্রী তোলার জন্য একটি বাস সর্বোচ্চ ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করতে পারবে।
যাত্রীসেবা বাড়াতে টার্মিনালে তথ্যকেন্দ্র এবং মাতৃদুগ্ধ পান করানোর কক্ষ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ঈদযাত্রার আগে টার্মিনালের অসমাপ্ত সংস্কারকাজ শেষ করা, শৌচাগার মেরামত এবং জলাবদ্ধতা নিরসনের নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতেও পরিবহন মালিক সমিতিকে কঠোর নজরদারির অনুরোধ জানিয়েছে ডিএসসিসি। টার্মিনালের ভেতরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পরিত্যক্ত বাস জব্দ করে অপসারণের দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাফিক বিভাগকে।
সভায় ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং দীর্ঘমেয়াদে যানজট কমাতে সিটি করপোরেশন, পুলিশ, বাস মালিক ও শ্রমিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। যাত্রীদের স্বস্তি দিতে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সবাইকে হযোগিতা করতে হবে।
এদিকে বিকেলে নগর ভবনে ডিএসসিসি পরিচালনা কমিটির দ্বাদশ বোর্ড সভাও অনুষ্ঠিত হয়। সভায় সদস্যরা নতুন প্রশাসককে শুভেচ্ছা জানান এবং ‘সবুজ নগর, পরিচ্ছন্ন নগর’ গড়ার লক্ষ্যে তার দৃঢ় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।