পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা অপরিহার্য: দীপেন দেওয়ান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় থাকা জরুরি। সমন্বয় থাকলে কাজের অপচয় রোধ হয় এবং গুণগত মান নিশ্চিত হয়, যা সরাসরি সাধারণ মানুষের কল্যাণে আসে। তিনি উন্নয়ন কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরকারি সম্পদের সাশ্রয়ী ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
সোমবার (৯ মার্চ) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাসমূহ কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের জানুয়ারি ২০২৬ মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, “রাস্তাঘাট বা অবকাঠামো নির্মাণে এলজিইডি, জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ড আলাদাভাবে কাজ করে। সঠিক সমন্বয় না থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং বরাদ্দকৃত টাকা ফেরত যায়। প্রতিটি প্রকল্পে কৃচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী মিতব্যয়িতা ও সম্পদ সাশ্রয়ের নির্দেশ দিয়েছেন, যা আমাদের অবশ্যই মানতে হবে।”
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি সভায় বলেন, “বর্তমান সরকারের প্রধান লক্ষ্য নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা। কোনো কাজই ফেলে রাখা যাবে না। প্রয়োজনে আকস্মিক পরিদর্শনের মাধ্যমে প্রকল্পের মান যাচাই করা হবে।”
সভায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান জানিয়ে দেন, জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রকল্প ব্যয়ের অগ্রগতি ১৬.৯৪%, যা জাতীয় গড় (২১.১৮%) এর তুলনায় কম। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ হয়েছে ৮৭২ কোটি ৪০ লাখ ৭৯ হাজার টাকা, যার মধ্যে জানুয়ারি পর্যন্ত ২৫৮ কোটি ৫৭ লাখ ২২ হাজার টাকা ব্যয় হয়েছে।
সভায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, মন্ত্রণালয় ও আওতাধীন সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।