নিরাপদ ঈদ যাত্রা ও চাঁদাবাজি বন্ধে সমন্বিত উদ্যোগের আহ্বান শিমুল বিশ্বাসের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৫:২৩ পিএম
ছবি: সংগৃহীত
ঈদকে সামনে রেখে সড়ক, নৌ ও রেলপথে যাত্রী চাপ বৃদ্ধি পাওয়ায় নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রাহমান শিমুল বিশ্বাস এমপি।
সোমবার (৯ মার্চ) সায়দাবাদ বাস টার্মিনালে মালিক ও শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “ঈদ উপলক্ষে লাখো মানুষ শহর থেকে গ্রামে যাত্রা শুরু করে। এই সময়ে অতিরিক্ত ভাড়া, চাঁদাবাজি ও যানজট যাত্রীদের জন্য বড় ধরনের ভোগান্তি সৃষ্টি করে। নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করতে মালিক-শ্রমিক, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় থাকা জরুরি।”
শিমুল বিশ্বাস আরও বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে মালিক ও শ্রমিকদের দায়িত্বশীল আচরণ প্রয়োজন। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা উচিত নয়। একই সঙ্গে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অবৈধ চাঁদা আদায় রোধে কঠোর নজরদারি করা জরুরি।
তিনি ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, “যানজট নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে সাধারণ মানুষ নির্বিঘ্নে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।”
সভায় সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতির আহ্বায়ক নবী উল্লাহ নবীর সভাপতিত্বে ঢাকা মহানগর পুলিশের কমিশনার সারওয়ার হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন, মহাসচিব সাইফুল ইসলামসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।