হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ দুজন ১৪ দিনের রিমান্ডে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:৫২ পিএম
ছবি: সংগৃহীত
চব্বিশের জুলাই আন্দোলনের আলোচিত মুখ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)।
গ্রেপ্তারকৃতদের রবিবার (৮ মার্চ) বিধাননগর আদালতে হাজির করা হলে আদালত তাদের ১৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্তরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পরে সুযোগ বুঝে তারা পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।
গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশি নাগরিক হলেন— রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)। ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালী জেলায় এবং আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়।
এসটিএফ সূত্রে আরও জানা যায়, জিজ্ঞাসাবাদের সময় গ্রেপ্তারকৃত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন উভয়েই ওসমান হাদিকে হত্যার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। সর্বশেষ তাদের অবস্থান ছিল বনগাঁ এলাকায়।
অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় এসটিএফের তদন্তকারী কর্মকর্তারা।