ভারতে গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামি, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৮:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
আলোচিত শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ও কথিত শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযানে তাকে আটক করে। একই সঙ্গে এ মামলার আরেক অভিযুক্ত আলমগীর হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এবং পশ্চিমবঙ্গের গণমাধ্যম Ei Samay–এর খবরে বলা হয়, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট এলাকায় জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর এ ঘটনায় করা মামলায় একাধিক আসামিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রক্রিয়া শেষ হলে তাদের বাংলাদেশে এনে আদালতের মুখোমুখি করা হবে।