শহীদ মেজর জেনারেল রফিকুল ইসলামের ১৭তম শাহাদাত বার্ষিকী কাল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৭:২৭ পিএম
একজন চৌকষ বীর মুক্তিযোদ্ধা, দক্ষ অপারেশনাল জেনারেল এবং অকৃত্রিম দেশপ্রেমিক শহীদ মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। তার ১৭তম শাহাদাত বার্ষিকী আগামীকাল সোমবার। ২০০৯ সালের ৯ মার্চ যশোর সেনানিবাসে ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালনকালে এক রহস্যময় হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি শাহাদাত বরণ করেন।
মেজর জেনারেল রফিকুল ইসলাম ১৯৫৬ সালের ৪ ফেব্রুয়ারি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। মাত্র ১৫ বছর বয়সে একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) যোগ দেন এবং ১৯৭৬ সালে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। এর আগে তিনি বানারীপাড়া হাই স্কুল ও বরিশাল বিএম কলেজে শিক্ষা জীবন অতিবাহিত করেন।
কমিশন লাভের পর থেকেই শুরু হয় তার বর্ণিল অপারেশনাল সামরিক জীবন। পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী দমনে তিনি অনন্য ভূমিকা পালন করেন। লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল পদ পর্যন্ত তিনি ২, ১৫, ৩০, ৪৫ ও ৪৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত থেকে ‘চিটাগাং হিল ট্র্যাক্টস ইনসার্জেন্সি’ চলাকালে অত্যন্ত সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেন।
দেশে ও বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে অসংখ্য অপারেশনে তিনি সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। তার পরিচালিত উল্লেখযোগ্য অপারেশনগুলোর মধ্যে রয়েছে—
• মহান স্বাধীনতা যুদ্ধ
• অপারেশন দাবানল ও
• অপারেশন দাবানল (বার)
• অপারেশন উত্তরণ ও অপারেশন ক্লিন হার্ট
• অপারেশন পাঞ্চিং টাইগার
• ফার্স্ট আইভরিয়ান সিভিল ওয়ার (আইভরি কোস্ট)
• সাইক্লোন সিডর রেসকিউ অপারেশন
সামরিক কর্মজীবনে তিনি অনেক গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। তিনি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কোম্পানি কমান্ডার, ডিএসসিএসসি-র ডিএস, সৌদি আরবের কেএএ মিলিটারি একাডেমির জিএস এবং লন্ডন হাই কমিশনের এডিএ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২৪ পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ, ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার, সেনা সদর দপ্তরের ডিরেক্টর (এসডি), লগ এরিয়া কমান্ডার এবং সর্বশেষ ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারির বিডিআর হত্যাকাণ্ডে নিহত তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের সাথে তার কয়েক দশকের ঘনিষ্ঠতা ছিল। পিলখানায় নিহত অনেক অফিসারই ছিলেন তার ছাত্র বা সাবেক সহকর্মী। ওই দুঃসময়ে তৎকালীন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদের নির্দেশ অমান্য করে তিনি তার অধীনস্থ পদাতিক ব্যাটালিয়ন মোতায়েন করেন। সাহসী এই পদক্ষেপের মাধ্যমে তিনি খুলনা বিভাগের বিভিন্ন বিডিআর ক্যাম্পে অবরুদ্ধ সেনা কর্মকর্তা ও তাদের পরিবারকে উদ্ধার করে যশোর সেনানিবাসে নিয়ে আসেন।
বিডিআর হত্যার ঘটনা তাকে গভীরভাবে মর্মাহত করেছিল এবং তিনি এই ট্র্যাজেডির নেপথ্যের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিলেন। কিন্তু পিলখানা হত্যাকাণ্ডের মাত্র ১৪ দিনের মাথায় ৯ মার্চ ২০০৯ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এই দুর্ঘটনা নিয়ে একাধিক তদন্ত কমিটি গঠন করা হলেও সেই তদন্ত প্রতিবেদন আজও জনসম্মুখে প্রকাশ করা হয়নি।
তার মৃত্যুর পর তৎকালীন সরকার রাষ্ট্রীয় শোক জারি করেছিল এবং ১১ মার্চ ২০০৯ সালে দেশে ও বিদেশের মিশনগুলোতে শোক দিবস পালিত হয়। আজ এই বীর সেনানীর ১৭তম শাহাদাত বার্ষিকীতে জাতি তাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে। তাঁর আত্মত্যাগ, সাহসিকতা ও দেশপ্রেম বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।