খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই:
পাশাপাশি পরবর্তী চালানবাহী জাহাজও ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে
ডেইলি সান রিপোর্ট, কুমিল্লা
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:২২ পিএম
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে কিছুটা চাপ সৃষ্টি হলেও দেশে তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেছেন, দেশের চাহিদা মেটাতে অন্তত এক মাসের জন্য পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে। পাশাপাশি পরবর্তী চালানবাহী জাহাজও ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ফলে তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
শনিবার (৭ মার্চ) বিকেলে কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়াম-এ বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্ব বর্তমানে একটি কঠিন সময় অতিক্রম করছে। এ পরিস্থিতিতে বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে। আসন্ন ঈদ মৌসুমে মার্কেটগুলোতে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত আলোকসজ্জা না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তার ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। এমন কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, যেগুলোর সঙ্গে দেশের মানুষের জীবন-জীবিকা সরাসরি সম্পৃক্ত। এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে দায়িত্ব পালন করে কুমিল্লার মানুষের মুখ উজ্জ্বল করা যায়।
কুমিল্লা দোকান মালিক সমিতি-র সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোস্তাক মিয়া, হেলাল উদ্দিন, মো. জহিরুল হক ভূঁইয়া এবং ইউসুফ মোল্লা টিপু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জামাল খন্দকার। এ সময় কুমিল্লার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য দেন।