EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রোহিঙ্গাদের জন্য জাপানের ২৬ লাখ ডলার সহায়তা ঘোষণা

এই অর্থ দিয়ে শরণার্থীদের জন্য আবাসন সামগ্রী, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং পরিচ্ছন্ন রান্নার চুলা সরবরাহ করা হবে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৫ পিএম

রোহিঙ্গাদের জন্য জাপানের ২৬ লাখ ডলার সহায়তা ঘোষণা

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় ২৬ লাখ মার্কিন ডলার (প্রায় ৩০ কোটি টাকা) প্রদানের ঘোষণা দিয়েছে জাপান সরকার।

বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং ইউএনএইচসিআর প্রতিনিধি ইভো ফ্রেইসেন- এর মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই অর্থ দিয়ে শরণার্থীদের জন্য আবাসন সামগ্রী, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং পরিচ্ছন্ন রান্নার চুলা সরবরাহ করা হবে।

জাপানের এই সহায়তায় প্রায় ৩ হাজার ৩০০টি রোহিঙ্গা পরিবারের জরাজীর্ণ আশ্রয়কেন্দ্র মেরামত করা হবে। পাশাপাশি ৩০০ জন শরণার্থীকে আশ্রয় স্বেচ্ছাসেবক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেবা জোরদার করা হবে এবং ১৬২ জন শরণার্থীকে কমিউনিটি স্বাস্থ্যকর্মী হিসেবে সম্পৃক্ত করা হবে। এটি শরণার্থীদের আত্মনির্ভরশীলতা ও সামাজিক মালিকানা বোধ বাড়াতে সাহায্য করবে।

চুক্তির আওতায় ৩২ হাজার রোহিঙ্গা পরিবারকে রান্নার চুলা প্রদান করা হবে। এটি ইউএনএইচসিআর- এর এলপিজি বিতরণ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। এতে জ্বালানি কাঠ সংগ্রহের ঝুঁকি কমবে, যা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পাহাড়ি বনভূমি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে শিশুরা বন থেকে কাঠ সংগ্রহের বদলে শ্রেণিকক্ষে বেশি সময় ব্যয় করার সুযোগ পাবে।

ফ্রেইসেন বলেন, ‘রোহিঙ্গাদের বাস্তুচ্যুতির নবম বছরে প্রবেশের প্রাক্কালে জাপানের জনগণের ধারাবাহিক সহায়তা সত্যিই প্রশংসনীয়। বৈশ্বিক সহায়তায় বড়ো ধরনের কাটছাঁট জীবনরক্ষাকারী কর্মসূচিকে হুমকির মুখে ফেলছে এবং অর্জিত গুরুত্বপূর্ণ অগ্রগতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের উদার আতিথেয়তাপূর্ণ জনগোষ্ঠীর সঙ্গে অংশীদারিত্বে আমাদের শরণার্থীদের মর্যাদা ও কল্যাণ রক্ষা ও উন্নত করতে হবে, যতক্ষণ না মিয়ানমার প্রসঙ্গে রাজনৈতিক অগ্রগতি নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরি করে।’ 

রাষ্ট্রদূত সাইদা আশা প্রকাশ করেন যে, জাপান সরকারের এই সহায়তা রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, ‘বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জরুরি সহায়তার জন্য ইউএনএইচসিআরে জাপানের অতিরিক্ত তহবিল ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। আমরা বিশ্বাস করি, ইউএনএইচসিআরের সাথে এই অংশীদারিত্ব বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আনবে। রোহিঙ্গা সম্প্রদায়ের আরও নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তুলতে জাপান অঙ্গীকারবদ্ধ।’

আরও পড়ুন