EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু মারা গেছেন

জাহানারা আরজু ছিলেন একজন কবি এবং সাহিত্য সম্পাদক। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম মহিলা সাপ্তাহিক সুলতানা পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৪:৫১ পিএম

একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু মারা গেছেন
অ অ

একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই। সোমবার (২ মার্চ) বেলা ১টায় গুলশানে নিজ বাসভবনে তিনি মারা যান।

জাহানারা আরজু ছিলেন একজন কবি এবং সাহিত্য সম্পাদক। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম মহিলা সাপ্তাহিক সুলতানা পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত ২য় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকসহ ২৬টি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

১৯৩২ সালের ১৭ নভেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের ঢাকার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন জাহানারা আরজু। তার বাবা আফিল উদ্দিন আহম্মদ চৌধুরী ও মা খোদেজা খাতুন। মানিকগঞ্জে প্রাথমিক শিক্ষা শেষে তিনি ঢাকায় উচ্চশিক্ষা গ্রহণ করেন। ইডেন মহিলা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সাংবাদিকতা ও সম্পাদনায়ও ছিল তার অগ্রণী ভূমিকা। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম মহিলা সাপ্তাহিক ‘সুলতানা’ পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন তিনি। ১৯৪৯ সাল থেকে কবি সুফিয়া কামাল–এর সঙ্গে যৌথভাবে পত্রিকাটি সম্পাদনা করেন। পরে ১৯৬৫ সালে রাইটার্স গিল্ডের পত্রিকা ‘পরিক্রম’-এ যুগ্ম সম্পাদক হিসেবে যোগ দেন। এছাড়া টিবি অ্যাসোসিয়েশনের পাক্ষিক ‘হেলথ বুলেটিন’-এর প্রধান সম্পাদক এবং ‘সেতুবন্ধন’ নামে একটি সাহিত্য পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ব্যক্তিজীবনে তিনি সাবেক উপ-রাষ্ট্রপতি ও বিচারপতি এ কে এম নূরুল ইসলাম–এর সহধর্মিণী ছিলেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে মো. আশফাকুল ইসলাম হাইকোর্ট বিভাগের বিচারপতি, ছোট ছেলে মোহাম্মদ জাহিনুল ইসলাম একজন প্রকৌশলী এবং একমাত্র মেয়ে মিনারা জামান একজন অধ্যাপিকা।

কবি জাহানারা আরজুর মৃত্যুতে সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমার প্রথম জানাজা আজ বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আজ বাদ ঈশা ও তারাবির নামাজের পর মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার খলিলপুর গ্রামে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে সেখানেই স্বামীর কবরের পাশে দাফন করা হবে।

আরও পড়ুন