EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আপিল বিভাগে ৪৪২৯ মামলা নিষ্পত্তি, মামলাজট নিরসনে প্রধান বিচারপতির জোর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম

আপিল বিভাগে ৪৪২৯ মামলা নিষ্পত্তি, মামলাজট নিরসনে প্রধান বিচারপতির জোর

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর উচ্চ আদালতে বিদ্যমান মামলাজট নিরসনে বিশেষ গুরুত্বারোপ করেছেন জুবায়ের রহমান চৌধুরী। বিশেষ করে দীর্ঘদিনের পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির ওপর তিনি জোর দিয়েছেন এবং এ লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তার নেতৃত্ব ও তদারকির ফলে ইতোমধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগে মামলা নিষ্পত্তির হারে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে।

প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর গত দুই মাসে (৫ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত) আপিল বিভাগের এক নম্বর কোর্টে তার নেতৃত্বাধীন বেঞ্চে মোট ৩৩ কর্মদিবসে ৪ হাজার ৪২৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে জানুয়ারি মাসে (৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি) ১৮ কর্মদিবসে ২ হাজার ২৭০টি এবং ফেব্রুয়ারি মাসে (১ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি) ১৫ কর্মদিবসে ২ হাজার ১৫৯টি মামলা নিষ্পত্তি করা হয়।

আইন অঙ্গনের পর্যবেক্ষকদের মতে, এ উদ্যোগ কেবল পরিসংখ্যানগত সাফল্য নয়; বরং এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আপিল বিভাগে সৃষ্ট এই গতিশীলতা বিচার বিভাগের সংস্কার ও আধুনিকায়নের ধারাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের অনিষ্পন্ন মামলার দ্রুত নিষ্পত্তি বিচারপ্রার্থীদের আস্থা বৃদ্ধির পাশাপাশি বিচার বিভাগের কার্যকারিতা ও স্বচ্ছতা সম্পর্কে জনমনে ইতিবাচক বার্তা দেবে।

আরও পড়ুন