আগুনে পুড়ে ছাই হলো কৃষকের সাত গরুসহ খামার
ডেইলি সান রিপোর্ট, মাদারীপুর
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম
ছবি: সংগৃহীত
মাদারীপুরের শিবচরে একটি গবাদিপশুর খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে মারা গেছে খামারের সাতটি গরু। এ সময় একটি ছাগল ও অন্তত ২০টি হাঁসও পুড়ে মারা যায়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শিবচর পৌরসভার শিবরায়েরকান্দি গ্রামে কৃষক ওবায়দুল মোল্লার খামারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাতে হঠাৎ ওবায়দুলের খামারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে খামারের ভেতরে থাকা সাতটি গরু, একটি ছাগল ও ২০টি হাঁস পুড়ে মারা যায়। আগুনে পুরো খামারটিই ভস্মীভূত হয়ে গেছে।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে কৃষক ওবায়দুলের প্রায় ১৫ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ওবায়দুল মোল্লা কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই খামারের আয় দিয়েই আমার পুরো সংসার চলত। আগুনের সব শেষ হয়ে গেল, আমি এখন নিঃস্ব। সরকারি সহযোগিতা না পেলে আমার পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দ্রুত সময়ের মধ্যে পৌঁছালেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় গবাদিপশুগুলোকে রক্ষা করা সম্ভব হয়নি।