ব্রহ্মপুত্র থেকে বঙ্গোপসাগর: নদী রক্ষায় ৬৩০ কিমি পদযাত্রার বার্তা তুলে ধরলেন পরিবেশকর্মীরা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম
ছবি: সংগৃহীত
নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানির বিস্তারের প্রতিবাদে আয়োজিত ৬৩০ কিলোমিটার দীর্ঘ ক্রস-কান্ট্রি পদযাত্রার অভিজ্ঞতা ও দাবি তুলে ধরতে রাজধানীতে সংবাদ সম্মেলন করেছেন পরিবেশকর্মীরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাব-এর তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জানানো হয়, কুড়িগ্রামের রৌমারির ডিগ্রীর চর থেকে ভোলার চর কুকরি-মুকরি পর্যন্ত ১৮ দিনে পদযাত্রা সম্পন্ন করেন অভিযাত্রী মাসফিকুল হাসান টনি। কর্মসূচির আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)।
অভিযাত্রী জানান, নদীপথে হাঁটার সময় তিনি নদীভাঙন, দূষণ, চরাঞ্চলের অনিশ্চিত জীবন ও নদীতীরবর্তী মানুষের সংগ্রামের চিত্র প্রত্যক্ষ করেছেন। নদীর পাড় ধরে সঠিক পথ খুঁজে পাওয়া ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাঁর ভাষ্য, নদী ধ্বংস মানেই জনপদের অর্থনীতি ও জীবন-জীবিকার ওপর সরাসরি আঘাত।
সংগঠনের নেতারা বলেন, নদী-খাল পুনরুদ্ধারের আগে দখল ও দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি বন উজাড় ও জীবাশ্ম জ্বালানির বিস্তার রোধে সুস্পষ্ট নীতিমালা ও কঠোর বাস্তবায়নের আহ্বান জানান তারা। নদীমাতৃক বাংলাদেশের টেকসই ভবিষ্যতের জন্য নদী ও জলাশয় সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়।
বক্তারা নদী রক্ষায় তরুণ সমাজকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতে আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।