নবীন-প্রবীণের সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত
শহীদ মিনারে ধর্মমন্ত্রী কায়কোবাদকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফের সহায়তার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সদ্য গঠিত মন্ত্রিসভার সদস্যের নিয়েও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
তবে রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতার বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ মুহূর্তের ভিডিও এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভিডিওটিতে দেখা যায়, নবীন ও প্রবীণের এক অনন্য মেলবন্ধন।
যা দেখা গেছে ভিডিওতে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শহীদ বেদিতে ওঠার সময় দেখা যায়, মন্ত্রিসভার অন্যতম প্রবীণ সদস্য ও ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সিঁড়ি দিয়ে উঠতে কিছুটা সমস্যায় পড়ছিলেন। তখন পাশে থাকা প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদার) রেহান আসিফ আসাদ পরম মমতায় তার হাত ধরে ওপরে উঠতে সাহায্য করেন।
নেটিজেনদের প্রতিক্রিয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন তরুণ সদস্য রেহান আসিফ আসাদ। অনেকেই মন্তব্য করেছেন, রাজনৈতিক শিষ্টাচার এবং বড়দের প্রতি শ্রদ্ধাবোধের এই চিত্রটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক। বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতা আর তরুণদের এই সংবেদনশীলতার সমন্বয় তারেক রহমানের নতুন মন্ত্রিসভা নিয়ে জনমনে ইতিবাচক আশার সৃষ্টি করেছে।
উল্লেখ্য, রেহান আসিফ আসাদকে সম্প্রতি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
