শিশুদের সঠিকভাবে গড়লে দেশ পাবে সুন্দর প্রজন্ম: খাদ্যমন্ত্রী
সময়ের সঙ্গে শিক্ষার ধরন ও শিক্ষার্থীদের চাহিদা বদলেছে। বর্তমান যুগে শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা অত্যন্ত জরুরি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যদি সঠিকভাবে গড়ে তোলা যায়, তবে দেশ একটি যোগ্য ও সুন্দর প্রজন্ম পাবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। হাজী মো. জহিরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে নেউরা এম আই উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক স্তরের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, সময়ের সঙ্গে শিক্ষার ধরন ও শিক্ষার্থীদের চাহিদা বদলেছে। বর্তমান যুগে শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা অত্যন্ত জরুরি। একটি স্কুলব্যাগ হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এটি একজন শিক্ষার্থীর জন্য বড় সহায়তা ও অনুপ্রেরণা। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।
সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশের কল্যাণে কাজ করতে হবে। আজ যেসব শিক্ষার্থী সহায়তা পাচ্ছে, ভবিষ্যতে তারাই দেশের সম্পদ হয়ে দেশ ও দশের সেবায় অবদান রাখবে।
নিজের দায়িত্ব পালন প্রসঙ্গে মন্ত্রী বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য—এই তিনটি খাত দেশের অর্থনীতির মূল ভিত্তি। কৃষকের ভাগ্য পরিবর্তন করতে পারলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রী যে আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব।
অনুষ্ঠানে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।