EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টল ভাড়া মওকুফ, ২৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু

মেলার প্রস্তুতি প্রসঙ্গে জানা গেছে, ইতোমধ্যে ৫০ ভাগ স্টলের ৭৫ ভাগ নির্মাণ কাজ শেষের দিকে। আশা করা হচ্ছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৯০ ভাগ স্টলের ৯৫ ভাগ কাজ সম্পন্ন হবে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম

স্টল ভাড়া মওকুফ, ২৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু

ছবি: সংগৃহীত

অ অ

সংস্কৃতি মন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং বাংলা একাডেমির মহাপরিচালকের তড়িৎ সিদ্ধান্তে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। বাংলা একাডেমি চত্বরে অনুষ্ঠিতব্য এবারের মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেলার প্রস্তুতি প্রসঙ্গে জানা গেছে, ইতোমধ্যে ৫০ ভাগ স্টলের ৭৫ ভাগ নির্মাণ কাজ শেষের দিকে। আশা করা হচ্ছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৯০ ভাগ স্টলের ৯৫ ভাগ কাজ সম্পন্ন হবে।

অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে প্রকাশকরা বর্তমানে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। প্রকাশকদের একটি বড় অংশ ইতিহাস-ঐতিহ্যের এবং ভাষার মাসেই মেলা সম্পন্ন করতে চান। তারা নতুন সরকারের সময়ে বইমেলা ভন্ডুল হয়ে যাক তা মেনে নিতে ইচ্ছুক নন।

অপরদিকে, প্রকাশকদের অন্য একটি অংশ- যাদের মধ্যে অন্যপ্রকাশ, ইউপিএলসহ বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠানের মালিকরা রয়েছেন, তারা কয়েকশ প্রকাশকের স্বাক্ষরসহ সাবেক সংস্কৃতি উপদেষ্টা ও বাংলা একাডেমির মহাপরিচালকের নিকট ঈদের পর বইমেলার আবেদন করেন। তাদের দাবি, রমজানে বইমেলা জমবে না এবং প্রকাশকরা লোকসানের মুখে পড়বেন।

এ অবস্থায় বারবার তারিখ পিছিয়ে যাওয়ায় মেলার আয়োজন অনিশ্চিত হয়ে পড়ে এবং সরকারের সমালোচনাকারী মিডিয়াগুলো মেলা না হওয়ার পক্ষে মতামত দিতে থাকে।

এ পরিস্থিতিতে গত ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ের ক্যাবিনেট মিটিং শেষে সরাসরি বাংলা একাডেমিতে উভয় পক্ষের প্রকাশকদের নিয়ে বৈঠক করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আজমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে ঈদের পর মেলা করতে চাওয়া প্রকাশকদের পক্ষে অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম, অনন্যার মনিরুল হক, আদর্শের মাহবুবুর রহমান ও ইউপিএল এর মাহরুখ মহিউদ্দিন বক্তব্য রাখেন,আদর্শের মাহবুব এবং অনন্যার মনিরুল হক। তাদের দাবি ছিল, শুধু স্টল ভাড়া মওকূফ নয়, স্টল বানানোর খরচও বাংলা একাডেমিকে বহন করতে হবে। এছাড়া প্যাভিলিয়ন বরাদ্দ বাতিল করে সকলকে স্টল বরাদ্দের মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি জানান তারা।

অন্যদিকে, ফেব্রুয়ারিতে মেলা করতে চান এবং মেলায় স্টল নিয়েছেন এমন প্রকাশকদের পক্ষে উপস্থিত ছিলেন, সূচিপত্রের সাঈদ বারী, আবিষ্কার প্রকাশনীর দেলোয়ার হাসান, ঐতিহ্যের নাঈম, ধ্রুবপদের ফিরুজুর রহমান প্রমুখ। তাদের পক্ষে কথা বলেন, দেলোয়ার হাসান ও ফিরুজুর রহমান। তাদের বক্তব্য স্টল ভাড়া শতভাগ মওকুফ করা এবং যে-কোনো মূল্যে ফেব্রুয়ারিতে বইমেলা করা। ইতোমধ্যে মেলায় অংশগ্রহণ নিশ্চিত করেছেন যে সাড়ে তিনশ প্রকাশক তাদের নিয়ে মেলা করা। যারা আসবেন না তাদের মেলায় আনার নামে সময়ক্ষেপণ না করে যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতেই মেলা করা।

আলোচনা শেষে সরকার একুশে ফেব্রুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি মেলা শুরুর সিদ্ধান্ত দেয়, যা চলবে ১৫ মার্চ পর্যন্ত। স্টল ভাড়া শতভাগ মওকুফ করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক জানান, ১৯ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত আরও দেড়শ প্রকাশনা প্রতিষ্ঠান আবেদনের মাধ্যমে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, যাদের জন্য চারশো ইউনিট স্টল প্রয়োজন। তবে এই নতুন প্রতিষ্ঠানগুলো এখনও স্টল নির্মাণ শুরু করেনি।

এদিকে, অমর একুশের প্রভাতফেরি চলে আসলেও উল্লেখযোগ্য স্টল নির্মাণ শেষ না হওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে। প্যাভিলিয়ন স্টল নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। একদল প্রকাশক দাবি তুলেছেন, চলমান প্যাভিলিয়নের কাজ বন্ধ না করা পর্যন্ত তারা স্টল বানানোর কাজে ‘ডিমেতালে চলো’ নীতি অনুসরণ করছেন।

শুক্রবার বিকেলে মেলার পক্ষের প্রকাশকদের এক বৈঠকে বৃহত্তর স্বার্থে প্যাভিলিয়ন বাতিলের বিষয়টি আলোচনা হলেও যারা কাজ শুরু করেছেন তা বন্ধ না করার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সৃজনশীল বই প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক ও আবিষ্কারের প্রকাশক দেলোয়ার হাসান জানান, ‘যে কজন প্রকাশক এসেছেন তাদের নিয়েই মান রক্ষার মেলা করা ফরজ হয়ে পড়েছে বাংলা একাডেমির। যারা রমজানে মেলা করতে চান না তারা বিশেষ একটি রাজনৈতিক দলের সুবিধাভোগী প্রকাশক এবং সরকারকে বিব্রত করতে উন্মুখ।’

বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর আজম জানান, ‘যেকোনো মূল্যে আগামী ২৫ ফেব্রুয়ারি মেলা উদ্বোধন হবেই ইনশাল্লাহ। যারা আসবে তারা যেমন প্রশংসিত হবেন, তেমনি যারা অংশ নেবেন না তাদের কালো তালিকাভুক্ত করা হবে।’

তিনি আরও বলেন এখন পর্যন্ত বিষয়টি পুরোপুরি সমাধান হয়নি। 

আরও পড়ুন