EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রেলকে লাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করা হবে: রেল-সেতু ও নৌমন্ত্রী

মন্ত্রী বলেন, রেলের লোকসান কমিয়ে একে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী রেলওয়ের আধুনিকায়ন ও যাত্রীসেবার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম

রেলকে লাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করা হবে: রেল-সেতু ও নৌমন্ত্রী
অ অ

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশ রেলওয়েকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার। একে আমূল বদলে দিয়ে একটি লাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করা হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আব্দুল গণি রোডের রেল ভবনে মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রেলের লোকসান কমিয়ে একে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী রেলওয়ের আধুনিকায়ন ও যাত্রীসেবার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহারে রেলকে জাতীয় পরিবহনের ‘কেন্দ্রীয় মেরুদণ্ড’ হিসেবে গড়ে তোলার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

টিকিট কালোবাজারি এবং রেলের অভ্যন্তরে দুর্নীতি দমনে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে নতুন রেল-সড়ক ও নৌপরিবহনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রীসেবা নিশ্চিত করতে এবং দুর্নীতি নির্মূলে বিশেষ নির্দেশনা দিয়েছেন। সভায় তিনি আগামী ১৮০ দিনের মধ্যে নির্বাচনী ইশতেহারের সঙ্গে সংগতিপূর্ণ একটি বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা তৈরির জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

যাত্রী দুর্ভোগ কমাতে ঢাকা-চট্টগ্রাম রুটে ভ্রমণের সময় কমিয়ে আনার ওপর জোর দিয়েছেন শেখ রবিউল আলম। আগামী এক সপ্তাহের মধ্যে এই রুটে যাত্রার সময় কমানোর উপায় খুঁজে বের করতে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সামনে ঈদুল ফিতর। ঘরমুখো মানুষের রেলযাত্রা নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত করতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন কোনো ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারে, তা নিশ্চিত করতে হবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজীব আহসান। এছাড়া বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

আরও পড়ুন