জমে উঠেছে আইসিসিবি ইফতার বাজার ২০২৬
আইসিসিবিতে স্বাস্থ্যকর পরিবেশে মিলছে পুরান ঢাকার ইফতারের স্বাদ
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে 'পুরান ঢাকা ইফতার বাজার ২০২৬'। ছবি: কামরুল ইসলাম রতন
যানজট ঠেলে আর চকবাজার যেতে হবে না; পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের সব স্বাদ এখন মিলছে নতুন ঢাকার দোরগোড়ায়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর কুড়িলে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)- তে ১ রমজান থেকেই শুরু হয়েছে ‘আইসিসিবি পুরান ঢাকা ইফতার বাজার’। এ বছর ইফতারের এই বিশেষ আয়োজনটি দশম বর্ষে পদার্পণ করল।
পুরান ঢাকার ইফতার মানেই এক বিশেষ ঐতিহ্য। সেই ঐতিহ্যের স্বাদ স্বাস্থ্যসম্মত ও ধুলাবালিমুক্ত পরিবেশে উত্তর ঢাকার ভোজনরসিকদের কাছে পৌঁছে দিতেই গত এক দশক ধরে কাজ করছে আইসিসিবি।
সরেজমিনে আইসিসিবির ৫ নম্বর হলে গিয়ে দেখা যায়, দুপুরের পর থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টসহ পুরান ঢাকার বিখ্যাত সব স্টলে সাজানো হয়েছে ঢাকাই ইফতারের রকমারি আয়োজন।
পুরান ঢাকার চিরচেনা সেই মুখরোচক আইটেমগুলোর পাশাপাশি এখানে মিলছে নানাবিধ শাহী খাবার। এছাড়াও তৃষ্ণা মেটাতে রয়েছে বিভিন্ন তাজা ফলের জুস ও শরবতের সমাহার। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও পরিচ্ছন্ন পরিবেশে এসব খাবার পরিবেশন করা হচ্ছে।
মেলায় আগত ক্রেতারা জানান, যানজট আর অস্বাস্থ্যকর পরিবেশ এড়িয়ে পরিবারের জন্য স্বাস্থ্যসম্মত ইফতার কিনতে পারায় তারা বেশ সন্তুষ্ট। খাবারের মান ও স্বাদ বজায় থাকলেও দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখা হয়েছে বলে জানান আয়োজকরা।
জমজমাট এই ইফতার বাজার প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হয়ে ইফতারের সময় পর্যন্ত চলবে। আগামী ২৭শে রমজান পর্যন্ত ভোজনরসিকরা এই সুযোগ পাবেন।